জীবন কখনো প্রস্তুত মানুষের জন্য অপেক্ষা করে না; সময়ই মানুষকে প্রস্তুত করে তোলে
জীবন কখনো প্রস্তুত মানুষের জন্য অপেক্ষা করে না; সময়ই মানুষকে প্রস্তুত করে তোলে "আমি এখনও প্রস্তুত নই।" জীবনের কোনো না কোনো সময় এই কথাটা আমরা সবাই নিজেদের বলেছি। মনে হয়েছে, আর একটু সময় পেলেই সব ঠিক হয়ে যাবে। আর একটু শিখে নিই, আর একটু অভিজ্ঞতা হোক, তারপর শুরু করব। কিন্তু জীবন অন্য নিয়মে চলে। সে কারও প্রস্তুতির জন্য অপেক্ষা করে না। বরং এমন সময় আমাদের সামনে নতুন দায়িত্ব, নতুন চ্যালেঞ্জ কিংবা নতুন বাস্তবতা এনে দাঁড় করায়, যখন আমরা নিজেরাই বিশ্বাস করি না যে আমরা সেটা সামলাতে পারব। তারপর শুরু হয় জীবনের আসল পাঠ। আমি আজ যে বিষয় নিয়ে কাজ করি, যে বিষয়ের জন্য অনেকেই আমাকে চেনেন, সত্যি বলতে সেই বিষয়টি কোনোদিন আমার পড়াশোনার অংশ ছিল না। কোনো পরিকল্পনা ছিল না, কোনো বিশেষ প্রশিক্ষণও ছিল না। এমনকি একদিন এই বিষয় নিয়ে কাজ করব—এমন কল্পনাও করিনি। কিন্তু সময় আমাকে সেই পথেই নিয়ে এসেছে। প্রথমে ছিল দ্বিধা, তারপর ছিল অজানা ভয়। প্রতিটি কাজ করতে গিয়ে ভুল করেছি, আবার সেই ভুল থেকেই শিখেছি। প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলেছি। একসময় বুঝতে পারলাম, মানুষ জন্মগতভাবে সব জানে ন...